ব্রাহ্মণপাড়ায় নতুন ইউএনও মুন্নী ইসলামের যোগদান

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুন্নী ইসলাম। গতকাল রোববার (২ আগস্ট) দুপুরে ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমানের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। একই দিন সকালে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে ব্রাহ্মণপাড়ার ইউএনও হিসেবে যোগদানের পর দুপুর থেকেই তিনি নতুন কর্মস্থলে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।

মুন্নী ইসলাম ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। ব্রাহ্মণপাড়ায় যোগদানের আগে তিনি নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ২১ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়। পরে সেখান থেকে তাঁকে ব্রাহ্মণপাড়া উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়।

এদিকে ব্রাহ্মণপাড়ার বিদায়ী ইউএনও মাহমুদা জাহানকে একই পদে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বদলি করা হয়েছে।

জানা গেছে, মুন্নী ইসলামের বাড়ি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কাটাখাল গ্রামে। তিনি ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে মেধাতালিকায় উত্তীর্ণ হন।

চাকরি জীবনের শুরুতে তিনি পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগ দেন। পরে ভোলা জেলার বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

নতুন কর্মস্থলে যোগদান প্রসঙ্গে মুন্নী ইসলাম বলেন, সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। এ জন্য আমি সবার সহযোগিতা কামনা করছি। এ সময় তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।

  • ব্রাহ্মণপাড়া