ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

লেখক: আতাউর রহমান
প্রকাশ: ১৪ সেকেন্ড আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ঘরের পাশের একটি ডোবার পানিতে পড়ে ইসরাফিল সরকার (দেড় বছর) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১২ জুলাই) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামের উত্তর পাড়ার সরকার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। ইসরাফিল ওই গ্রামের ইয়াসিন সরকারের ছোট ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যার সময় বাড়ির উঠানে খেলছিল ইসরাফিল। এ সময় তার বাবা ও দাদি পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। সবার অগোচরে খেলতে খেলতে একপর্যায়ে সে ঘরের পাশের ডোবায় পড়ে যায়। কিছুক্ষণ পর উঠানে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবার পানিতে ইসরাফিলকে ডুবে-ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন।

গুরুতর অবস্থায় তাকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মনির হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাঈম আব্দুল্লাহ বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • ব্রাহ্মণপাড়া