‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জাতীয় ফল মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়।
মেলার উদ্বোধন করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মতিন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. মোখলেসুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মতিন। তিনি বলেন, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ফল সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা জাহান বলেন, ফল শুধু পুষ্টির উৎস নয়, এটি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর ফল চাষে উৎসাহিত করার পাশাপাশি ফল সংরক্ষণ ও বিপণনে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাগিব হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল করিম, সমাজসেবা কর্মকর্তা বিল্লাল চৌধুরী, তথ্যসেবা কর্মকর্তা রিফাত আরা জান্নাত, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আব্দুল মান্নানসহ বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তারা।
মেলায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীরা অংশ নেন। তারা দেশীয় বিভিন্ন প্রজাতির ফলের প্রদর্শনী ঘুরে দেখেন এবং ফল চাষ, সংরক্ষণ ও পুষ্টিগুণ সম্পর্কে ধারণা লাভ করেন। দিনব্যাপী মেলায় দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।