কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
একই সঙ্গে নিয়মিত মামলার দুই পলাতক আসামি ও একটি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার (১১ জুন) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও মাদক উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ব্রাহ্মণপাড়া থানার এসআই মো. শামীম হোসেন ও এএসআই মো. নুর-আল আহসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া-কুমিল্লা সড়কের মানরা ব্রিজসংলগ্ন আরাগাঙ্গা খালের উত্তর পাড়ে একটি কাঁচা রাস্তার ওপর গামছা দিয়ে মোড়ানো একটি চটের বস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে, থানার এসআই সৈকত মজুমদার অভিযান চালিয়ে ব্রাহ্মণপাড়া থানার মামলা নম্বর ১৪(০৪)২৫-এর পলাতক আসামি মো. শাহীন মিয়া ওরফে গাজী শাহীন (৩০)-কে দুলালপুর এলাকা থেকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। এ ছাড়া এসআই ডিএমএ মজিদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার পলাতক আসামি গিয়াস (৩৮)-কে গ্রেপ্তার করেন। অন্য এক অভিযানে এএসআই রতন কুমার মল্লিক জিআর পরোয়ানাভুক্ত আসামি সোহেল মিয়াকে গ্রেপ্তার করেন।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার আসামিদের বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।