ব্রাহ্মণপাড়ায় ৪ কেজি গাঁজাসহ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ২

লেখক: মোঃ হাবিবুর রহমান সোহেল
প্রকাশ: ৩ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে চার কেজি গাঁজাসহ সিআর পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার (৭ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত রবিবার ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সৈকত মজুমদার উপজেলার ৬নং ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের নাইঘর টু ব্রাহ্মণপাড়া অভিমুখী পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করেন। এ সময় স্থানীয় মামুনের বসতবাড়ির সামনে থেকে চার কেজি গাঁজাসহ সুবল চন্দ্র দাস প্রকাশ সুমন (৪৮) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সুবল চন্দ্র দাস কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার আদ্রা গ্রামের মৃত সুধন্য চন্দ্র দাসের ছেলে। বর্তমানে তিনি সদর দক্ষিণ মডেল থানার শাকতলা এলাকার মাস্টার বাড়ির বাসিন্দা।

অন্য এক অভিযানে, একই দিনে ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ কামরুজ্জামান উপজেলার সাহেবাবাদ এলাকায় অভিযান চালান। অভিযানে সিআর মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ নাজমুল (৩৫) কে গ্রেপ্তার করা হয়। নাজমুল উপজেলার সাহেবাবাদ গ্রামের মোঃ সহিদ মিয়ার ছেলে। তিনি বর্তমানে টাটেরা এলাকায় মৃত আলহাজ শাহজাহান খানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

ব্রাহ্মণপাড়া থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • ব্রাহ্মণপাড়া