ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার

লেখক: মোঃ হাবিবুর রহমান সোহেল
প্রকাশ: ১২ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ৬ কেজি গাঁজাসহ বিভিন্ন মামলার মোট ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এর মধ্যে মাদক মামলায় ১ জন, জিআর পরোয়ানাভুক্ত ৩ জন এবং সিআর পরোয়ানাভুক্ত ১ জন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ মে) ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) সুজন কুমার আচার্য্য সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করেন।

এ সময় উপজেলার ৪নং শশীদল ইউনিয়নের মানরা এলাকায় আবু জাহেরের চায়ের দোকানের সামনে বাগড়া-কুমিল্লা সড়ক থেকে মোঃ সাইদুল বারী (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অন্যদিকে একই দিন এসআই (নিঃ) মোঃ মাহতাব হোসাইন, এএসআই (নিঃ) লিংকন কুমার নাথ ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে একই ব্যক্তির নামে থাকা ৩টি জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি অজিত চন্দ্র বর্মন (২৪)-কে গ্রেপ্তার করেন।

এছাড়া এএসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম সিদ্দিকী সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে জিআর পরোয়ানাভুক্ত আসামি বাদশা মিয়া (২৮) ও মোঃ হাসান (২৮)-কে গ্রেপ্তার করেন।

অপর এক অভিযানে এএসআই (নিঃ) নাছির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ সিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ সফিক উদ্দিনকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • ব্রাহ্মণপাড়া