ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭

লেখক: আতাউর রহমান
প্রকাশ: ২২ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের অভিযানে তিন ইয়াবা কারবারিসহ সিআর সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আরও চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ( ১৫ মে ) গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে ও দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক ( এসআই ) সৈকত মজুমদার, আল-আমিন ও মোহাম্মদ মাহতাব হোসাইনের নেতৃত্বে পৃথক তিনটি অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার সাহেবাবাদ এলাকার বাসিন্দা আলফাজ আলীর ছেলে কবির হোসেন ( ৩২ ), শশীদল ইউনিয়নের দেউস এলাকার মৃত অহিদ মিয়ার ছেলে মো. খোকন মিয়া ( ৩৭ ) ও সদর ইউনিয়নের নাইঘর এলাকার বাসিন্দা রাজা মিয়ার ছেলে মো. হৃদয় প্রকাশ ওমর ফারুক ( ২৭ )।

অন্যদিকে উপপরিদর্শক ( এসআই ) ডিএমএ মজিদ, সুজন কুমার আচার্য্য, মাহাতাব হোসাইন ও সহকারী উপপরিদর্শক ( এএসআই ) লিংকন কুমার নাথ ওয়ারেন্ট তামিল অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি ইব্রাহিম প্রকাশ ইবু ( ২৩ ), আপন ( ৩০ ) ও সোলায়মান নামে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়াও অভিযান চালিয়ে সিআর সাজাপ্রাপ্ত আসামি রবি নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইব্রাহিম প্রকাশ ইবু উপজেলার নগরপাড় এলাকার মো. নজরুল ইসলামের ছেলে, আপন উপজেলার নারায়ণপুর এলাকার মৃত ফয়েজ আহমেদের ছেলে, সোলেমান উপজেলার মল্লিকাদিঘী এলাকার খোরশেদ আলমের ছেলে ও রবি উপজেলার কান্দুঘর এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান চলমান রয়েছে।

  • ব্রাহ্মণপাড়া