কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে ৯৯০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী হরিমঙ্গল বড়বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (১৩ মে) সকালে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর পক্ষ দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শশীদল বিওপির একটি টহলদল অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল তল্লাশি করে ৯৯০ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় স্থানীয় মাদক কারবারি মো. মিজান (৪৬) কে আটক করা হয়। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার কংসনগর এলাকার হাসনাবাদ গ্রামের মো. ধনু মিয়ার ছেলে।
বিজিবি জানায়, আটককৃত মিজানকে উদ্ধারকৃত ইয়াবা ও জব্দ মোটরসাইকেলসহ ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও দুইজন পলাতক আসামি রয়েছে বলেও জানানো হয়।
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান, নারী ও শিশু পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।