নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ কুমিল্লা জেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করে আঞ্চলিক পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে ব্রাহ্মণপাড়া উপজেলা দলের সদস্যরা।
রোববার (১০ মে) বিকেলে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজা হাসান ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ অন্যান্য অতিথিরা। এসময় বিজয়ীদের অভিনন্দন জানানো হয়।
জেলা পর্যায়ের প্রতিযোগিতায় ব্রাহ্মণপাড়ার খেলোয়াড়রা বিভিন্ন ইভেন্টে সাফল্যের স্বাক্ষর রাখেন। দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন মো. রেজাউল করিম। সাঁতারে বুক সাঁতার ও প্রজাপতি সাঁতার—এই দুই ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন মো. সানা উল্লাহ। এছাড়া ক্রিকেট বালিকা দল জেলা পর্যায়ে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
অন্যদিকে, ১০০ মিটার দৌড়ে বালক বিভাগে প্রথম স্থান অধিকার করেন মো. সাইমুন ইসলাম। মার্শাল আর্ট কারাতে একক ফাইট প্লাস-৪৫ ক্যাটাগরিতে রানার্সআপ হয়েছেন শেখ নাফিসা মালিয়াত।
এদিকে কুমিল্লা জেলার ক্রিকেট কিশোরী ইভেন্টে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন ব্রাহ্মণপাড়া উপজেলা কিশোরী দলের ওপেনার হাফসা আফরিন। হাফসা টুর্নামেন্ট জুড়ে ১২৪ রান ও ৪ উইকেট নিয়ে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেন। তার এই কৃতিত্বের সুবাদে তিনি অনূর্ধ্ব-১৬ দলেও বাছাইয়ের জন্য বিবেচিত হয়েছেন। তার এ অর্জনে আনন্দিত ব্রাহ্মণপাড়ার ক্রীড়াঙ্গন। এ ছাড়া ফাইনালে অংশ নেওয়া কিশোরী দলের বেশ কয়েকজন ক্রিকেটার নতুন কুঁড়ির আঞ্চলিক পর্যায়ের জন্য জেলা দলে সুযোগ পেয়েছেন।
সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়ন কমিটির ব্রাহ্মণপাড়া উপজেলা সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান, সদস্য সচিব ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাকিল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলুসহ বাস্তবায়ন কমিটির সদস্য এবং উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, ব্রাহ্মণপাড়ার তরুণ খেলোয়াড়দের এই সাফল্য আমাদের গর্বিত করেছে। তাদের মেধা ও পরিশ্রম ভবিষ্যতে আরও বড় অর্জন বয়ে আনবে বলে আমরা আশা করছি।