কুমিল্লার বরুড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত এক যুবক চারদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত সোমবার রাতে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
নিহত রাকিব হোসেন (২৪) পৌরসভার দেওড়া গ্রামের মিয়া বাড়ির ইব্রাহিম মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত (১ মে) ডাব খাওয়াকে কেন্দ্র করে একদল কিশোর গ্যাং সদস্য ডাব কাটার ছেনি দিয়ে রাকিবকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চারদিন পর তার মৃত্যু হয়।
রাকিবের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে এবং গ্রামবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। নিহতের পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। তারা এ ধরনের অপরাধ দমনে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেন।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হক বলেন, “ডাব খাওয়াকে কেন্দ্র করে ছেনি দিয়ে কুপিয়ে তাকে জখম করা হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।