কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের এক বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১২ টায় উপজেলার শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর (বাল্লাক) এলাকায় এই অভিযান পরিচালিত হয়। থানা সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলার পুলিশ সুপার মো: আনিছুজ্জামান, পিপিএম এবং সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) মোঃ শাহীন মহোদয়ের দিক নির্দেশনায় ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেন এসআই (নিঃ) আল-আমিন, এএসআই (নিঃ) মোঃ সাইফুল আলম সিদ্দিকী ও সঙ্গীয় ফোর্স। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ৪নং শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের জনৈক ফুল মিয়ার বসত ঘরের একটি কক্ষে তল্লাশি চালায়। এসময় ১২ কেজি গাঁজাসহ হাতেনাতে দুই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ১. মোঃ ফাহিম (১৯), পিতা- ফুল মিয়া, ২. মোঃ জনি (২২), পিতা- আব্দুর রশিদ, উভয় গ্রাম- রামচন্দ্রপুর (বাল্লাক), শশীদল ইউনিয়ন। ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ জানান, অপরাধ দমন ও মাদক নির্মূলে জেলা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম চালানো হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ পুলিশি পাহারায় তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।