কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম বলেছেন, উন্নয়নের ছোঁয়া দুই উপজেলার প্রতিটি জনপদে পৌঁছে দিতে কাজ চলছে। আগামী ছয় মাসের মধ্যে চলমান সব উন্নয়ন প্রকল্পের অগ্রগতি জনগণের সামনে দৃশ্যমান হবে।
শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়ন ভূমি অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং শিদলাই জোরপোল এলাকা থেকে শিদলাই বাজার সড়ক ও শিদলাই বাজার থেকে লাড়ুচৌ দীঘিরপাড় সড়কের সংস্কার কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সাংসদ জসিম উদ্দিন জসিম বলেন, সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সড়ক, শিক্ষা ও প্রশাসনিক অবকাঠামো উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনমান উন্নত করাই বর্তমান সরকারের লক্ষ্য। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে কাজের মান বজায় রেখে প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন, উপজেলা প্রকৌশলী মো. গোলাপ হোসেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহ আলম খোকন, সহসভাপতি মহসিন কবির সরকার, সাবেক সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান সাজু, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা।