ব্রাহ্মণপাড়ায় জাতীয় বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ২ দিন আগে

Spread the love

উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি—’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে (১৩ এপ্রিল) বিকেলে ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে রোববার (১২ এপ্রিল) সকালে ওই বিদ্যালয় চত্বরে বিজ্ঞান মেলা ও অন্যান্য কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম।
এছাড়া ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. শাহীন আক্তার, সিনিয়র শিক্ষক মো. মনিরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইউএনও মাহমুদা জাহান নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে বিজ্ঞানের বিকল্প নেই।
এবারের মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জুনিয়র ও সিনিয়র বিভাগে মোট ১১টি স্টল অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতার মাধ্যমে বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপন করে, যা দর্শনার্থীদের প্রশংসা কুড়ায়। অতিথিরা স্টলগুলো পরিদর্শন করে শিক্ষার্থীদের মেধার ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও বিতরণ করা হয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
মেলায় বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

  • ব্রাহ্মণপাড়া