“গুলশানে ব্যাতিক্রমী কর্মসূচি” ভুয়া হেলমেট ব্যবহারকারীদের পুলিশের সতর্ক বার্তা

লেখক: গাজী রুবেল
প্রকাশ: ৬ দিন আগে

Spread the love

রাজধানীর গুলশান এলাকায় ট্রাফিক গুলশান ডিভিশনের উদ্যোগে ভুয়া ও অনুমোদনহীন হেলমেট ব্যবহারকারীদের সতর্ক করতে ব্যতিক্রমী “প্লাস্টিক হেলমেট ভাঙা কর্মসূচী” পালন করা হয়েছে। বুধবার দিনব্যাপী এ কর্মসূচী পালন করা হয়। সড়ক নিরাপত্তা নিশ্চিত এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচীতে অংশগ্রহণকারীরা নিজেরাই তাদের ব্যবহৃত নিম্নমানের ও অনিরাপদ প্লাস্টিক হেলমেট ভেঙে ফেলেন। এ সময় নিরাপদ হেলমেট ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়। জানা যায়, অনেক মোটরসাইকেল চালক ও আরোহী কেবল আইন এড়ানোর উদ্দেশ্যে হালকা ও অনুমোদনহীন প্লাস্টিক হেলমেট ব্যবহার করে থাকেন, যা দুর্ঘটনার সময় কার্যকর সুরক্ষা দিতে ব্যর্থ হয়। এতে মাথায় গুরুতর আঘাত এমনকি মৃত্যুর ঝুঁকিও বেড়ে যায়। একটি মানসম্মত ও অনুমোদিত হেলমেট জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে ভুয়া হেলমেট ব্যবহার করে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া কোনোভাবেই কাম্য নয়।
ট্রাফিক গুলশান ডিভিশনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিজানুর রহমান শেলী বলেন, এই কর্মসূচী শুধু প্রতীকী নয়, বরং জনসচেতনতা তৈরির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আইন মানা শুধুমাত্র জরিমানা এড়ানোর জন্য নয়, বরং নিজের এবং পরিবারের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে সকল মোটরসাইকেল চালক ও আরোহীদের অনুমোদিত ও মানসম্মত হেলমেট ব্যবহারের বিকল্প নেই। আয়োজকরা ভুয়া হেলমেট বর্জন করে নিরাপদ সড়ক গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।