কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে ২টি অবৈধ খননযন্ত্র (ড্রেজার মেশিন) ও ২০০ ফুট পাইপসহ সরঞ্জাম অকেজো করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৪ এপ্রিল) বিকালে উপজেলা চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা (রামচন্দ্রপুর-খলিফাপাড়া) এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান। এসময় আনসার ও উপজেলা ভূমি কার্যালয়ের সদস্যরা সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ চান্দলা (রামচন্দ্রপুর-খলিফাপাড়া) এলাকায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান। এসময় ওই এলাকায় একটি পুকুর থেকে ২টি অবৈধ ড্রেজার মেশিন ও ২০০ ফুট পাইপসহ এর সরঞ্জাম ধ্বংস করে অকেজো করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন, অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত আছে।