ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ৬ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোসাম্মৎ শাহীন আক্তার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শফিকুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে হুইলচেয়ারে বসে থাকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর হাতে ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণের উদ্বোধন ঘোষণা করেন ইউএনও মাহমুদা জাহান। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলিও অর্জন করতে হবে। সততা, পরিশ্রম ও দায়িত্ববোধের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে, তাই তাদের সঠিক পথে গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব।
ইউএনও শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি সৃজনশীলতা, প্রযুক্তি জ্ঞান ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় থাকার আহ্বান জানান। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের প্রতি যত্নশীল হয়ে তাদের পড়াশোনার পরিবেশ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মনিরুল ইসলাম, মোসা. তাছলিমা বেগম, মো. রেজাউল করিম, মো. আব্দুল হাই, মো. আব্দুল আলীম ভূইয়া, সহকারী শিক্ষক মুহাম্মদ আলাউদ্দীন মুনশী, মো. মহিউদ্দিন পলাশ, ফারজানা সুলতানা লিনা, মানছুরা আক্তার ও সালমা আক্তার মিনুসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা।

  • ব্রাহ্মণপাড়া