কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিছুজ্জামানের ( পিপিএম ) নির্দেশনায় এবং ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিমের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জুয়েল সঙ্গীয় ফোর্সসহ গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী অভিযানে অংশ নেন।
অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল কাজী মার্কেট থেকে ধান্যদৌল বাজারগামী তিন রাস্তার মোড়ে রাজ্জাকের দোকানের সামনে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. রেজাউল করিম ওরফে রাকিব (২৫) এবং মো. তারেক (২০)। গ্রেপ্তার হওয়া দুজনই উপজেলার শশীদল এলাকার বাসিন্দা। এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।