কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে মিষ্টি আলু চাষ। কম খরচে অধিক ফলন, স্বল্প সময়ে উৎপাদন এবং বাজারে ভালো দামের কারণে এ চাষে আগ্রহ দেখাচ্ছেন উপজেলার অনেক কৃষক। উপজেলার বিভিন্ন ইউনিয়নের উঁচু জমি ও বালুমিশ্রিত দোআঁশ মাটিতে মিষ্টি আলুর ফলন ভালো হওয়ায় কৃষকরা ধান ও অন্যান্য ফসলের পাশাপাশি বিকল্প হিসেবে এ ফসলের দিকে ঝুঁকছেন। বিশেষ করে শীত মৌসুমে তুলনামূলক কম পরিচর্যায় মিষ্টি আলু উৎপাদন সম্ভব হওয়ায় এটি কৃষকদের জন্য লাভজনক হয়ে উঠেছে। কৃষকরা জানান, মিষ্টি আলু চাষে সার ও সেচের প্রয়োজন কম, রোগবালাইও তুলনামূলকভাবে কম হয়। ফলে উৎপাদন খরচ কমে আসে এবং লাভের পরিমাণ বেড়ে যায়। স্থানীয় বাজার গুলোতে মিষ্টি আলুর চাহিদা থাকায় বিক্রিতে তেমন সমস্যায় পড়তে হয় না। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন বলেন, ২০২৫-২৬ অর্থবছরে চলতি রবি মৌসুমে ব্রাহ্মণপাড়া উপজেলা ৯০ হে. জমিতে মিষ্টি আলু আবাদ এর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে, লক্ষ্যমাত্রার চেয়ে ৫ হে. বেশী আবাদ হয়েছে। সর্বমোট ৯৫ হে. জমিতে মিষ্টি আলুর আবাদ অর্জন হয়েছে। এ ধরনের নতুন নতুন অর্থকারী ফসলের আবাদের ফলে কৃষকদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নকল্পে মাঠ পর্যায়ে কৃষকদের মিষ্টি আলু চাষের বৃদ্ধির জন্য পরামর্শ প্রদান করা হচ্ছে।