“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, অদম্য নারীদের সম্মাননা প্রদান ও তারুণ্যের উৎসব উপলক্ষে পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্য্যালয়ের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন রিমা আক্তার। এতে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমীন। বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরী, পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী শফিকুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন, মৎস্য কর্মকর্তা মো. রাগিব হাছান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুখলেছুর রহমান, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু। এর আগে তারুণ্যের উৎসব উপলক্ষে পিঠা মেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দরা। এবছর অদম্য নারী পুরষ্কার শীর্ষক কর্মসূচির আওতায় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় চারজনকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্যে অর্জনকারী নারী হয়েছেন হালিমা বেগম, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্যে অর্জনকারী নারী হয়েছেন রিমা আক্তার, সফল জননী নারী হয়েছেন বিলকিছ আক্তার ও নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবনসংগ্রামে জয়ী হয়েছেন উম্মে হাবিবা লিপি। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।