ব্রাহ্মণপাড়ায় মাদক ও চোরাচালান বিরোধী ট্রাস্কফোর্সের অভিযান

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ৭ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদক ও চোরাচালানবিরোধী ট্রাস্কফোর্সের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টা থেকে বুধবার ভোর পর্যন্ত উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া, তেতাভূমি ও ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের পূর্বপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান। এতে অংশ নেয় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, থানা পুলিশ ও আনসার বাহিনী।
অভিযানে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম-এর নেতৃত্বে পুলিশের একটি দল, সেনাবাহিনীর (১২ বীর) লেফটেন্যান্ট মো. এহসান সিরাজী সাদ-এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল এবং আনসার বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।
অভিযান চলাকালে প্রশাসন ও যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিরা পালিয়ে যায়। এসময় তেতাভূমি এলাকায় ভারতে পাচারের উদ্দেশ্যে সংরক্ষিত কয়েক হাজার বিভিন্ন ব্র্যান্ডের মদের খালি বোতল ধ্বংস করা হয়। পরবর্তীতে ব্রাহ্মণপাড়া পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা কয়েকটি গাঁজার পুরিয়াও ধ্বংস করা হয়। এছাড়া ভারতীয় সীমান্ত এলাকা থেকে আসা বিভিন্ন যানবাহনে তল্লাশি দেওয়া হয়।
অভিযান শেষে ইউএনও মাহমুদা জাহান বলেন, মাদক, চোরাচালান ও অপরাধ দমনে ট্রাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের এই কার্যক্রম আরও জোরদার করা হবে।

  • ব্রাহ্মণপাড়া