আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান। সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন, মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ইউনানি) ডা. মো. সোহেল রানা, ইউআরসি ইন্সট্রাক্টর মো. শহীদুল আলম, পোমকাড়া সিদ্দিকুর রহমান এন্ড হাকিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, গোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. কোহিনূর আক্তার ও ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সভায় অংশ নেন।
সভায় সভাপতির বক্তব্যে ইউএনও মাহমুদা জাহান বলেন, শিক্ষক সমাজ জাতি গঠনের মূল কারিগর। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।