ভোটের সংবাদ সংগ্রহে গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের সময় গণমাধ্যমকর্মীরা কী করতে পারবেন, আর কী পারবেন না- বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।
নীতিমালা অনুযায়ী, সাংবাদিকদের যাতায়াতে মোটরসাইকেল ব্যবহারের অনুমোদন দেওয়া হবে। অনুমোদিত কার্ডধারী সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে, গোপনকক্ষ থেকে সরাসরি সম্প্রচার ও ভেতরে গিয়ে ছবি তোলায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) ‘সাংবাদিক/গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা, ২০২৫’ জারি করে ইসি। এতে স্বাক্ষর করেন ইসি সচিব আখতার আহমেদ।
এতে বলা হয়, সংসদ ও স্থানীয় নির্বাচনের জন্য সাংবাদিক নীতিমালা অনুযায়ী, দেশের অনুমোদিত প্রিন্ট, টেলিভিশন, অনলাইন নিউজন পোর্টাল, আইপিটিভি, ফ্রিল্যান্স সাংবাদিক, আন্তর্জাতিক সংস্থা, বিদেশি সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার দেওয়া হবে।
নির্বাচনের এক সপ্তাহ আগে আবেদনের মাধ্যমে সংশ্লিষ্টদের সাংবাদিক পাস কার্ড, গাড়ি ও মোটরসাইকেলের স্টিকার দেবে ইসি সচিবালয় ও রিটার্নিং অফিসার।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এ নীতিমালা জারি করলেও স্থানীয় সরকারের জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনেও একই নীতিমালা প্রযোজ্য হবে।
কী করা যাবে, কী যাবে না
>> বৈধ কার্ডধারী সাংবাদিক সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন; পরে প্রিসাইডিং অফিসারকে অবহিত করে তথ্য, ছবি ও ভিডিও নেবেন।
>> গোপনকক্ষের ছবি তোলা যাবে না।
>>একসঙ্গে দুজনের বেশি সংবাদকর্মী ভোটকক্ষে প্রবেশ করতে পারবে না; ভেতরে থাকতে পারবেন সর্বোচ্চ ১০ মিনিট।
>> ভোটকক্ষে সাক্ষাৎকার নেওয়া যাবে না।
>> ভোটকক্ষের ভেতর থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না।
>> সরাসরি সম্প্রচার করতে হলে ভোটকক্ষ থেকে নিরাপদ দূরত্বে করতে হবে।
>> ভোটগণনার সময় থাকতে পারবেন, ছবি তোলা যাবে। কিন্তু সরাসরি সম্প্রচার নয়।
>> ভোটকক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমেও সরাসরি সম্প্রচার করা যাবে না।