কুমিল্লার দাউদকান্দি মহাসড়কে ভোরে ঘন কুয়াশায় আট গাড়ির সংঘর্ষ

লেখক: নেকবর হোসেন
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঘন কুয়াশার কারণে যাত্রীবাহী বাস, ট্রাক ও মাইক্রোবাসসহ আটটি যানবাহনের সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার (১৮ ফেব্রæয়ারি) সকালে উপজেলার জিংলাতলী থেকে আমিরাবাদ মোড় পর্যন্ত তিন কিলোমিটারের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা কবলিত গাড়িগুলোর মধ্যে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। সংঘর্ষে আরেকটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। ইসহাক চৌধুরী নামে স্থানীয় এক বাসিন্দা জানান, ভোরে মহাসড়কে ঘন কুয়াশার কারণে অল্প দূরত্বের কিছুই দেখা যাচ্ছিল না। যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও অন্যান্য গাড়িগুলোর একটার সঙ্গে আরেকটার ধাক্কা লাগে। তবে কেউ মারা যায়নি। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ র‌্যাকার নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে। সড়ক দুর্ঘটনার কারণে মহাসড়কে ধীরগতিতে যান চলাচল করছে। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আফসার বলেন, সড়ক দুর্ঘটনায় ১৫ জন আহত হয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। সড়ক থেকে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরানোর কাজ চলছে।

  • কুমিল্লা