ব্রাহ্মণপাড়ায় তিন ইটভাটাকে বন্ধ ঘোষণা ও পাঁচলাখ টাকা জরিমানা

লেখক: মো. আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অনুমোদনহীন ভাটা স্থাপন করে ইট তৈরি করার দায়ে তিন ইটভাটাকে বন্ধ ঘোষণাসহ পাঁচলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৩ ফেব্রæয়ারি) দিনব্যাপী উপজেলার মালাপাড়া ইউনিয়নের রামনগর ও শশীদল ইউনিয়নের মল্লিকাদীঘি এবং উত্তর তেতাভূমি এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক খন্দকার মাহমুদ পাশা, পরিদর্শক চন্দন বিশ্বাস, নমুনা সংগ্রহকারী মোবারক হোসাইন ও উপসহকারী পরিদর্শক (এসআই) অমর্ত্য মজুমদারের নেতৃত্বে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল এবং আনসার সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। অর্থদন্ডপ্রাপ্ত ইটভাটা তিনটি হলো রামনগর এলাকার মেসার্স আরএনএস ব্রিকস, উত্তর তেতাভূমি এলাকার মেসার্স ভূইয়া এন্ড সন্স ব্রিকস ও মল্লিকাদীঘি এলাকার মেসার্স মল্লিকা ব্রিকস। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা বলেন, জেলা প্রশাসকের অনুমোদন ও পরিবেশ ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অমান্য করায় মেসার্স আরএনএস ব্রিকসকে একলাখ, মেসার্স ভূইয়া এন্ড সন্স ব্রিকসকে দুইলাখ ও মেসার্স মল্লিকা ব্রিকসকে দুইলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া, প্রয়োজনীয় কাগজপত্র সম্পাদনকরণ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের অনুমোদন না পাওয়া পর্যন্ত এসব ইটভাটার সকল প্রকার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

  • ব্রাহ্মণপাড়া