কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের সাথে মতবিনিময় করেছেন। গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় উপজেলার ৮টি ইউনিয়নের পক্ষ থেকে চেয়ারম্যানগণ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান। মতবিনিময়কালে নবাগত ইউএনও মাহমুদা জাহান সরকারের সব-ধরনের উন্নয়ন মূলক কর্মকান্ড স্বচ্ছতার সহিত বাস্তবায়ন ও সবধরনের সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে ইউপি চেয়ারম্যানদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা স্থানীয় সরকারের সকল কাজ মাঠ পর্যায়ে বাস্তবায়ন করে থাকেন। একসাথে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা আন্তরিকতার সহিত কাজ করলে নাগরিকরা উপকৃত হবেন ও সরকারের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করাও সম্ভব। মতবিনিময়ে উপস্থিত জনপ্রতিনিধিরা নবাগত ইউএনও মাহমুদা জাহনকে সকল কাজে সহযোগিতার আশ্বাস প্রদান করে ব্রাহ্মণপাড়া উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রধান প্রধান সমস্যাগুলো তুলে ধরেন ও ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধনসহ সরকারের সবধরনের সেবা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। মতবিনিময়কালে চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, মাধবপুর ই্উপি চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন, শিদলাই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর, চান্দলা ইউপি চেয়ারম্যার ওমর ফারুক, শশীদল ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ, দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূইয়া, ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান জহিরুল হক, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী ও মালাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন। উল্লেখ্য- মাহমুদা জাহান গত মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব বুঝে নেন। এর আগে তিনি গত সোমবার (২০ জানুয়ারি) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। গত বুধবার (২২ জানুয়ারি) সকাল থেকে ইউএনও মাহমুদা জাহান নতুন কর্মস্থলে তাঁর দাপ্তরিক কার্যক্রম পরিচালনা শুরু করেছেন। দায়িত্ব পালনে গণমাধ্যমকর্মী, রাজনৈতিক মহল সহ সবার সহযোগিতা কামনা করেন।