আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে ঢেলে সাজাতে কাজ করছে বিএনপি। এরই লক্ষ্যে মাঠপর্যায়ে দল পুনর্গঠন ও সংগঠনকে শক্তিশালী করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা। জেলা, উপজেলা, ইউনিয়ন এমনকি ওয়ার্ড পর্যায়ে দেওয়া হচ্ছে নতুন কমিটি। চলতি ফেব্রæয়ারি মাসের শুরুতে বেশ কয়েকটি জেলায় নতুন আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। জেলায় জেলায় চলছে সম্মেলন। এসব কমিটিতে সাবেক ছাত্রদল ও যুবদল নেতাদের গুরুত্বপূর্ণ জায়গায় স্থান দেওয়া হয়েছে। বিএনপি নেতারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের তরুণ প্রজন্মের দিকে নজর দিয়েছেন। আমরাও চাই নেতৃত্বে নতুন প্রজন্ম আসুক। প্রায় জেলাগুলোতেই সাবেক ছাত্রদলের নেতারা নেতৃত্বে রয়েছেন। অন্যান্য জেলা ও উপজেলা গুলোতে পর্যায়ক্রমে নতুন নেতৃত্ব নিয়ে আসার চেষ্টা চলছে। তবে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে রয়েছে ভিন্ন চিত্র। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আবারও পুরোনো দুই নেতার উপর আস্থা রাখলেন। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ৮ বারের ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি হাজী জসিম উদ্দিন ও বুড়িচং উপজেলা বিএনপি’র ৫ বারের সভাপতি এটিএন মিজানুর রহমান চেয়ারম্যান দায়িত্ব পালন করেন। গত ৪ এপ্রিল কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন ও সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম (ভিপি) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বুড়িচং-ব্রাহ্মণপাড়া বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। তবে লক্ষ করা গেছে আবারও পুরোনো দুই নেতার উপর আস্থা রেখে কমিটি দেয় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি। জেলা নেতারা জানায়, বিগত সময়ে যেসব নেতা নির্যাতনের শিকার হয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, কমিটিগুলোতে তাদের বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে এবং বর্তমান বাস্তবতা ও বিশ্ব রাজনীতির গতিপথ মাথায় রেখে নবীন ও প্রবীণদের সমন্বয় করে তাদেরকে নেতৃত্বে আনা হয়েছে। সে ক্ষেত্রে মেধা, পরিপ্রম ও ত্যাগকে বিবেচনায় রেখে গঠিত হচ্ছে এসব কমিটি। বুড়িচং-ব্রাহ্মণপাড়া পুরোনো দুই নেতার নেতৃত্বে আস্থা রেখে দলকে পুনর্জাগরণের চেষ্টা চলছে। দক্ষতার সঙ্গে কাজ করলে অনেকে সংসদ নির্বাচনেও পেতে পারেন মনোনয়ন। আগামী দিনের নেতৃত্ব পুরোপুরি সাবেক ছাত্রদলের নেতাদের হাতে দেওয়ারও পরিকল্পনা রয়েছে বলে জানান দলটির নেতারা।