কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের করে মাতলামি ও জনশান্তি শৃঙ্খলা বিনষ্ট করার অভিযোগে মো. সবুজ (২২) নামের এক তরুণকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৭ আগস্ট) বিকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে এ সাজা দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান। এসময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন।
সাজাপ্রাপ্ত মো. সবুজ বুড়িচং উপজেলার বাকশিমূল ইউনিয়নের ফকির বাজার এলাকার মো. বাবুল মিয়ার ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা গেছ, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সবুজকে আটক করা হলে সে আদালতের কাছে মাদক সেবনের কথা স্বীকার করেন। এসময় ভ্রাম্যমাণ আদালত তাঁকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান বলেন, মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। সমাজ থেকে মাদক দূর করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। মাদকের সঙ্গে কোনো ধরনের আপস নেই।