ব্রাহ্মণপাড়ার দীর্ঘভূমি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

লেখক: মো. আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ১১ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের দীর্ঘভূমি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম, অভিভাবক সদস্য জসিম উদ্দিন খান, সাবেক অভিভাবক সদস্য আনিসুর রহমান, আবু তাহের আবরনী, সাইফুল ইসলাম ওমর সানি।
অনুষ্ঠানের সূচনা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো. আমীর হোসেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো. রুহুল আমিন ও ইমাম উদ্দিন আখন্দ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো. জামাল হোসেন ভূঁইয়া, মাওলানা আলী উল্লাহ ভূঁইয়া, হারুন অর রশিদ, ওয়ালী উল্লাহ, মোসা. আসমা আক্তার, ফেরদৌসী বেগম, সামছুন্নাহার বেগম, শাহীনুর আক্তারসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের আয়োজিত মোট ৩৫টি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠান ভালো ফল অর্জন করতে হলে শিক্ষকদের আরও আন্তরিকভাবে পাঠদানে মনোযোগী হতে হবে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে গড়ে তুলতে হবে। যুগোপযোগী শিক্ষাব্যবস্থা বাস্তবায়নে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “শিক্ষকেরা সমাজের দর্পণ। শিক্ষাদানের পাশাপাশি তাদের চারিত্রিক দৃঢ়তাও শিক্ষার্থীদের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। তাই শিক্ষক সমাজকে নিজ আচরণে সতর্ক ও আদর্শবান হতে হবে।”

  • ব্রাহ্মণপাড়া