ব্রাহ্মণপাড়ায় ছেলেকে মেরে আহত করার বিচার চাওয়ায় মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক মুক্তিযোদ্ধার সন্তান ও তার স্ত্রীকে মারধর করার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করায় প্রধানমন্ত্রীর উপহার বীর নিবাসে হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। গত মঙ্গলবার রাতে উপজেলার চান্দলা ইউনিয়নের খলিফাপাড়ায় মুক্তিযোদ্ধা মৃত গাজিউর রহমানের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। থানায় অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই রোববার রাত আনুমানিক ১১ টার দিকে চান্দলা বাজার থেকে বাসায় ফেরার পথে মুক্তিযোদ্ধা গাজিউর রহমানের ছেলে আনোয়ার হোসেন এবং তার ছেলের স্ত্রী অঞ্জনা আক্তারকে একই গ্রামের সাইফুল ইসলাম (২৮), দুরবাজ মিয়া (৪৫), সাহাদত হোসেন (৪৬), মোঃ শাকিল (২৫), রিয়াজুল ইসলাম (২২) ও মোঃ জুয়েল (২৬) সহ ওৎ পেতে থাকা আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আনোয়ার হোসেন ও তার স্ত্রী অঞ্জনা মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাদের কুমিল্লা সদর হাসপাতালে প্রেরণ করেন। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন। ওই ঘটনায় আহত আনোয়ার হোসেনের মা শাহেরা খাতুন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ও আরও ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দেওয়ার খবরে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে মুক্তিযোদ্ধা গাজিউর রহমানের পরিবারকে দেওয়া প্রধানমন্ত্রীর উপহার বীর নিবাসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। ওই ঘটনায় কেউ আহত না হলেও বীর নিবাসের বাইরের কাচের জানালাসহ বেশ ক্ষয়ক্ষতি হয়। চান্দলা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নান্নু মিয়া বেগ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তরা মঙ্গলবার রাতে মুক্তিযোদ্ধা গাজিউর রহমানের বাড়িতে প্রবেশের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে বাড়ির বাইরের অংশে ভাংচুর চালায়। ওই ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, রাতের আঁধারে একজন মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ন্যাক্কারজনক ঘটনা। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। ব্রাহ্মণপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার বলেন, একজন মুক্তিযোদ্ধাকে দেওয়া প্রধানমন্ত্রীর উপহার বীর নিবাসে হামলা মানে সমগ্র মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা।আমরা এর সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের দ্রæত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, মুক্তিযোদ্ধা মৃত গাজিউর রহমানের বাড়িতে হামলা ও তার ছেলে ও ছেলের স্ত্রীকে মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রæত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • ব্রাহ্মণপাড়া