ব্রাহ্মণপাড়ায় এমপি জসিমের নেতৃত্বে মধ্যরাতের অভিযানে ইয়াবাসহ তরুণ-তরুণী আটক

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ দিন আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মধ্যরাতে অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবাসহ এক তরুণ ও এক তরুণীকে আটক করেছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। পরে উদ্ধার হওয়া ইয়াবা ও আটক দুজনকে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শনিবার (১৩ জুন) দিবাগত মধ্যরাতে উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী বাগড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের কান্দারপাড়া গ্রামের মামুন মিয়ার ছেলে মো. সোহেল রানা ওরফে কালা (২২) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের বিনাউটি গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে মোছা. ফাতেমা আক্তার (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম বাগড়া গ্রামে তাঁর নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তিনি স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে বাগড়া গ্রামের জসিম সরকারের বাড়িতে অভিযান চালান। অভিযানের সময় ওই বাড়ির ভাড়াটিয়া ফাতেমা আক্তারের কক্ষ থেকে তিনটি নীল রঙের প্যাকেটে রাখা ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় কক্ষ থেকে সোহেল রানা ও ফাতেমা আক্তারকে আটক করা হয়।
পরে খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহতাব হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় উদ্ধার হওয়া ইয়াবা ও আটক দুজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, আটক সোহেল রানা ও ফাতেমা আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম বলেন, নির্বাচিত হওয়ার পর থেকেই আমি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। আমার নির্বাচনী এলাকায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। কোনো মাদক ব্যবসায়ী, কারবারি বা মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না।

  • ব্রাহ্মণপাড়া