ব্রাহ্মণপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা দখল ও বাড়ি নির্মাণের অভিযোগ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩৭ minutes ago

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আদালতের নির্দেশনা ও চলমান বিরোধ উপেক্ষা করে একটি ইজমালিকানাধীন রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বিএস খতিয়ানের ৩৫৪৩ নম্বর দাগভুক্ত ৩৩ শতাংশ ভূমির উত্তরাংশের ১১ শতক জমির মালিক ও দখলদার হাজী সিরাজুল ইসলাম। দীর্ঘদিন ধরে ওই বাড়ির দক্ষিণ পাশ দিয়ে সকল অংশীদার পরিবারের সদস্য এবং এলাকাবাসী চলাচল করে আসছেন। পারিবারিক সমঝোতা ও সর্বসম্মতিক্রমে সিরাজুল ইসলামের মালিকানাধীন ১১ শতক জমির দক্ষিণাংশের ২৭ লিংক জায়গা রাস্তা হিসেবে ব্যবহৃত হবে এবং উত্তরাংশের ২৭ লিংক ভূমি সিরাজুল ইসলাম ও তার উত্তরাধিকারীরা ভোগদখল করবেন বলে সিদ্ধান্ত ছিল।

স্থানীয়দের দাবি, প্রায় ২৭টি পরিবারের চলাচলের একমাত্র এই রাস্তা দীর্ঘদিন ধরে ব্যবহার হয়ে আসছে। সম্প্রতি রাস্তা দখলের অভিযোগ ওঠার পর পরিবারের সদস্যরা একত্রিত হয়ে রাস্তা সংরক্ষণের পক্ষে অবস্থান নেন। এ লক্ষ্যে প্রায় ২৭ পরিবারের সদস্যরা ১০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করে রাস্তা অক্ষুণ্ন রাখার বিষয়ে লিখিত সম্মতি ও মতামত প্রদান করেছেন বলেও জানা গেছে।

কিন্তু অভিযোগ রয়েছে, স্থানীয় বিএনপি নেতা মাসুদ রানা জোরপূর্বক ওই চলাচলের রাস্তা দখল করে স্থাপনা নির্মাণ শুরু করেছেন, ফলে এলাকাবাসীর চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।

এ ঘটনায় গত ১ জুন ২০২৬ তারিখে হাজী সিরাজুল ইসলামের ছেলে মো. জাকির হোসেন (৫৭) কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মৃত আবুল কালামের ছেলে মাসুদ রানা (৪৫) ও মামুনুর রশীদ (৪০)-এর বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় মামলা দায়ের করেন।

আদালত সূত্রে জানা যায়, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী মামলাটি আমলে নিয়ে বিরোধীয় ভূমির মালিকানা ও দখল সংক্রান্ত বিষয়ে নির্ধারিত ছক অনুযায়ী স্কেচ ম্যাপসহ সচিত্র সরেজমিন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-কে নির্দেশ প্রদান করেন।

একই সঙ্গে বিরোধীয় ভূমিকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) উভয় পক্ষের মধ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়।

তবে অভিযোগকারী পক্ষের দাবি, আদালতের নির্দেশনা কার্যকর থাকা অবস্থায়ও মাসুদ রানা জোরপূর্বক নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন, যা আদালতের আদেশের প্রতি চরম অবজ্ঞার শামিল।

এ বিষয়ে অভিযুক্ত মাসুদ রানার বক্তব্য জানার চেষ্টা করা হলে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে স্থানীয়দের দাবি, প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো সময় বিরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

এলাকাবাসী জানান, বহু বছর ধরে ব্যবহৃত এই রাস্তা বন্ধ হয়ে গেলে কয়েক ডজন পরিবারের স্বাভাবিক চলাচল ব্যাহত হবে। তাই আদালতের নির্দেশনা বাস্তবায়ন এবং বিরোধপূর্ণ স্থানে সব ধরনের নির্মাণকাজ বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। এ ব্যাপারে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

  • ব্রাহ্মণপাড়া