কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের নবনির্বাচিত সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন দলীয় চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় ফুল দিয়ে শুভেচ্ছা জানান জসিম উদ্দিন জসিম।
সাক্ষাৎকালে বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম মিজানুর রহমানসহ কেন্দ্রীয় বিএনপি এবং বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় হাজী জসিম উদ্দিন বলেন, দলের প্রতি জনগণের আস্থা ও নেতাকর্মীদের ত্যাগ-পরিশ্রমের ফলেই তিনি বিজয় অর্জন করেছেন। আগামী দিনে কুমিল্লা-৫ আসনের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নবনির্বাচিত এই সংসদ সদস্যকে অভিনন্দন জানিয়ে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও দলীয় আদর্শ ধারণ করে কাজ করতে হবে। পাশাপাশি ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, হাজী জসিম উদ্দিন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে তিনি ১০ হাজার ১৬৯ ভোটের ব্যবধানে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।