ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় রাহাত ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফেনী থেকে কুমিল্লাগামী মদিনা পরিবহনের যাত্রীবাহী বাস সুয়াগাজী এলাকায় পৌঁছালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সিডিএম পরিবহনের অপর একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মদিনা পরিবহনের বাসের সামনের অংশ এবং সিডিএম পরিবহনের বাসের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় সিডিএম পরিবহনের যাত্রী ইমরান গাজী (২৮) ঘটনাস্থলেই নিহত হন। তিনি চাঁদপুর সদর উপজেলার ফজলুল হক গাজীর ছেলে। এ ছাড়া অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ওসি আবদুল মমিন জানান, দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত দুটি বাস জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।