কুমিল্লার চৌদ্দগ্রামে তিনটি চোরাই টিউবওয়েলসহ আন্তঃজেলা চোরচক্রের ২ সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো; উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ গ্রামের মোঃ কামালের ছেলে মোঃ সাগর ও শুভপুর ইউনিয়নের যশপুর ইঞ্জিনিয়ার বাড়ির মৃত আবদুল কাদেরের ছেলের মোঃ শাহজাহান। রবিবার তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা।
চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার আলমগীর হোসেন জানান, মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ গ্রামের মঞ্জু বেগমের মা ছালমা বেগম শনিবার রাত ১০ ঘটিকায় প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রবিবার ভোরে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠে ঘর থেকে বের হয়ে দেখেন একই গ্রামের সাগর তাদের টিউবওয়েল নিয়ে যাচ্ছে। তাৎক্ষণিক শোর-চিৎকার করলে আশ-পাশের লোকজন এসে টিউবওয়েলটিসহ সাগরকে আটক ও মারধর করে। ঘটনাটি থানায় অবহিত করলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সাগরকে হেফাজতে নেয়। এ সময় অপর দুইটি টিউবওয়েলের মালিক একই গ্রামের ডাঃ আলতাফ উল ইসলাম ও মনির হোসেন ওই বাড়িতে উপস্থিত হয়। পুলিশের সামনে আটককৃত সাগর গত শুক্রবার রাতে দুইটি টিউবওয়েল চুরি করে মুন্সিরহাট বাজারের পাটোয়ারী মার্কেটে মোঃ শাহজাহানের ভাঙ্গারী দোকানে বিক্রয়ের কথা স্বীকার করে। তাৎক্ষণিক পুলিশ ওই ভাঙ্গারী দোকানে অভিযান চালিয়ে দুইটি টিউবওয়েল উদ্ধার ও ভাঙ্গারী দোকানদার মোঃ শাহজাহানকে আটক করে। এ ঘটনায় রবিবার আটককৃত দুইজনের বিরুদ্ধে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।