কুমিল্লায় ছুরিকাঘাতে ভাঙ্গারি ব্যবসায়ী খুন

লেখক: Sohel Islam
প্রকাশ: ৩ years ago

Spread the love

কুমিল্লার লাকসামে পাওনা টাকার বিরোধে আউয়াল হোসেন সিয়াম (২০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে খুন করা হয়েছে। শনিবার (২২ জুলাই) দিবাগত রাতে লাকসাম পৌরসভার গন্ডামারা এলাকায় ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়। এই ঘটনায় সিয়ামের এক সহযোগী আহত হয়েছেন বলেও জানা যায়।
নিহত সিয়াম পৌরসভার কসাইখানা এলাকার সরাফত আলীর ছেলে। স্থানীয়রা জানান, শনিবার রাতে সিয়াম তার সহযোগী জাহাঙ্গীরকে নিয়ে লাকসামের কালোরা খালপাড় এলাকার হকার সবুজের কাছে দাদনের পাওনা টাকা চাইতে যান। কিন্তু পাওনা টাকা না দিয়ে উল্টো জাহাঙ্গীর ও সিয়ামকে ছুরিকাঘাত করেন সবুজ। ছুরিকাঘাতে জাহাঙ্গীর কিছুটা আহত হয়ে পালিয়ে আসলেও সিয়াম সেখানে পড়ে যান। এসময় একা পেয়ে সিয়ামকে হত্যা করেন সবুজ।
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ। তিনি বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ঘটনার পর সবুজ আত্মগোপনে রয়েছে উল্লেখ করে ওসি আরো বলেন , এ ঘটনায় তদন্ত চলছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে আটক করতে পুলিশি অভিযান অব্যাহত আছে।

  • কুমিল্লা