শিক্ষার মানোন্নয়ন ও মাদক প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান এমপি জসিমের

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ৬ minutes ago

Spread the love

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম বলেছেন, প্রাথমিক থেকে কলেজ পর্যন্ত শিক্ষা ব্যবস্থার গুণগত উন্নয়ন, নৈতিকতা চর্চা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে হস্তক্ষেপমুক্ত পরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি।

ব্রাহ্মণপাড়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব ঢাকা (বাসেড) এর উদ্যোগে রোববার (৩১ মে) দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মাদকবিরোধী সেমিনার, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং ‘দ্বীনের পথ’ সংগঠনের সৌজন্যে ইসলামিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম বলেন, প্রাথমিক থেকে কলেজ পর্যায় পর্যন্ত শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও মানসম্মত করতে শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্ববোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বা প্রভাব বিস্তার শিক্ষার পরিবেশ নষ্ট করে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকতে হবে। শিক্ষা খাতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাপক পরিকল্পনা গ্রহন করেছেন। এনিয়ে ইতিমধ্যে শিক্ষামন্ত্রী কাজ শুরু করেছেন। তা বাস্তবায়নের এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র।

মাদক প্রসঙ্গে সাংসদ জসিম কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদক একজন ব্যক্তি নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তরুণদের খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদক থেকে দূরে রাখা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন। মাদক ব্যবসায়ী, মাদক কারবারি ও মাদক সেবিদের সাথে কোন আপোষ না করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠানে, বাসেডের সভাপতি আরাফাত হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রনির সঞ্চালনায় অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুন। তিনি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা আবু ইউসুফ পাখি, উপজেলা বিএনপির সহসভাপতি মহসিন কবির সরকার, সাধারণ সম্পাদক মো. আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সহকারী ডা. এমডি আজম, শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরী, বাসেডের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আতাউর রহমান রুজেল এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান।

এ ছাড়া বক্তব্য দেন নাগাইশ সরকারি কলেজের অধ্যক্ষ মো. খলিল উদ্দিন আখন্দ, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি ও ‘দৈনিক ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদ’-এর সম্পাদক সৈয়দ আহাম্মেদ লাভলু, অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট আতিকুর রহমান খান এবং কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সম্রাটসহ আরও অনেকে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বাসেডের সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অতিথি, কৃতি শিক্ষার্থী ও ইসলামিক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে বাসেড এবং ‘দ্বীনের পথ’ সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট বিতরণ এবং ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।

  • ব্রাহ্মণপাড়া