কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ১১ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ মোবাইল কোর্টের মাধ্যমে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ১টা ৫ মিনিটের দিকে ব্রাহ্মণপাড়া থানার এসআই মো. আল-আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের গঙ্গানগর সাকিনে জনৈক হারেছ পুলিশের বাড়ির পূর্ব পাশে সালদা নদীর রেললাইনের পশ্চিম পাশের কাঁচা রাস্তার সংলগ্ন এলাকা এবং একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাগড়া (দৌলতপুর) এলাকায় পৃথক অভিযান চালানো হয়।
অভিযানে দুটি পৃথক মাদক মামলায় মোট ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা বিক্রির অভিযোগে মো. আলমগীর হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি বাগড়া (দৌলতপুর) এলাকার মৃত রমিজ উদ্দিনের ছেলে।
অন্যদিকে, একই দিন ব্রাহ্মণপাড়া থানার এএসআই মো. কামরুজ্জামান অভিযান পরিচালনা করে মাদক সেবনের অপরাধে মো. মাহবুব (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেন। পরে তাকে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ মুন্নী ইসলামের ভ্রাম্যমাণ মোবাইল কোর্টে হাজির করা হলে আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করেন।
আটক মাহবুব উপজেলার বেড়াখোলা গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে।