কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ উন্নয়নে লেকচার ডেস্ক ও বেঞ্চ বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে অর্থায়নের মাধ্যমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ডগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি লেকচার ডেস্ক ও ১০ জোড়া বেঞ্চ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগমসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
এর আগে ইউএনও মাহমুদা জাহান উপজেলার শশীদল ইউনিয়নের মানরা সরকারি প্রাথমিক বিদ্যালয়েও তিনটি লেকচার ডেস্ক ও ১০ জোড়া বেঞ্চ বিতরণ করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার আর্থ-সামাজিক অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এডিপির অর্থায়নে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।