ব্রাহ্মণপাড়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় সৎ পিতা গ্রেফতার

লেখক: মোঃ হাবিবুর রহমান সোহেল
প্রকাশ: ১ দিন আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. জলিল (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১ জুলাই) রাতে উপজেলার শিদলাই ইউনিয়নের লাড়ুচৌ গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে বৃহস্পতিবার (২ জুলাই) ব্রাহ্মণপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত সৎ পিতাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১ জুলাই রাত আনুমানিক সোয়া ৯টার দিকে ভুক্তভোগীর মা রাতের খাবার শেষে নিজের শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। মায়ের অজান্তেই শিশুটি পড়ার টেবিল থেকে উঠে ঘরের মধ্যবর্তী কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়ে। এর কিছুক্ষণ পর, রাত সাড়ে ৯টার দিকে ঘরের ভেতর ধস্তাধস্তি ও অস্বাভাবিক নড়াচড়ার শব্দ পেয়ে মায়ের ঘুম ভেঙে যায়। তিনি দ্রুত মধ্যবর্তী কক্ষে গিয়ে দেখতে পান, অভিযুক্ত মো. জলিল (শিশুটির বর্তমান পিতা) শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করছে। মায়ের উপস্থিতিতে পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত ব্যক্তি পিছু হটে।

পরবর্তীতে বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ভুক্তভোগী শিশুর মা বকুল আক্তার (৩৩) নিজে থানায় হাজির হয়ে একটি লিখিত এজাহার জমা দেন। থানা পুলিশ অভিযোগটিকে মামলা হিসেবে রুজু করে এবং দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত জলিলকে গ্রেফতার করতে সক্ষম হয়।

  • ব্রাহ্মণপাড়া