ব্রাহ্মণপাড়ায় শ্রেণিকক্ষে সিলিং ফ্যান পড়ে আহত ২ শিক্ষার্থী

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে সিলিং ফ্যান পড়ে দুই শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার ( ৫ মে ) বেলা ১১টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলো, দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী গোপালনগর গ্রামের সালাউদ্দিনের ছেলে সামি ( ৭ ) এবং একই এলাকার খায়ের খানের মেয়ে নাফিজা নূর ( ৮ )।

বিদ্যালয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, ঘটনার সময় অন্যান্য দিনের মতোই ক্লাস চলছিল। হঠাৎ শ্রেণিকক্ষের সিলিং ফ্যানটি খুলে নিচে পড়ে যায়। এতে ফ্যানের নিচে থাকা দুই শিক্ষার্থী আহত হয়। এ সময় বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়।

আহত শিক্ষার্থীদের মধ্যে সামিরের মাথায় গুরুতর আঘাত লেগেছে, যার ফলে তার মাথায় পাঁচটি সেলাই দিতে হয়েছে। তাকে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। অন্যদিকে নাফিজা নুরের বাম চোখের পাশে আঘাত লাগে, এতে সে গুরুতর আহত হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সহকারী শিক্ষক জামাল উদ্দিন বলেন, সব ক্লাসে শিক্ষকরা পাঠদান করছিলেন। হঠাৎ একটি বিকট শব্দ শুনে আমরা দ্রুত গিয়ে দেখি দ্বিতীয় শ্রেণির শ্রেণিকক্ষে সিলিং ফ্যান পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

আহত শিক্ষার্থী নাফিজা নুরের মা ও ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজমা আক্তার বলেন, আমি অন্য একটি শ্রেণিতে ক্লাস নিচ্ছিলাম। খবর পেয়ে দ্রুত গিয়ে দেখি আমার মেয়ে ফ্যানের আঘাতে আহত হয়েছে। একই সঙ্গে তার সহপাঠী সামিও আহত হয়েছে। দ্রুত তাদের উদ্ধার করে আমরা হাসপাতালে নিয়ে যাই। আমার মেয়ের চোখের আঘাত গুরুতর হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেলে নিয়ে যেতে বলেছে চিকিৎসক।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হালিমা পারভীন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিদ্যালয়ের অবকাঠামো ও বৈদ্যুতিক সরঞ্জামের নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. উম্মে সালমা মৌ বলেন, স্কুলে সিলিং ফ্যান পড়ে আহত দুই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আমরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়েছি। এদের মধ্যে একজনকে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে, অপরজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে এ ঘটনার পর অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিদ্যালয়ের অবকাঠামগত নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তারা।

  • ব্রাহ্মণপাড়া