কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রেস্টুরেন্ট মালিকের বাড়ির একটি কক্ষ থেকে মো. সিফাত হৃদয় (২২) নামের এক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের নগরপাড় দক্ষিণপাড়া আশকর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সিফাত হৃদয় ফেনী জেলা সদরের নাজিররোড এলাকায় মায়ের সঙ্গে বসবাস করতেন। তাঁর বাবার নাম মৃত আব্দুল হক।
জানা গেছে, হৃদয় বুড়িচং উপজেলা সদরের একটি রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করতেন। ওই রেস্টুরেন্টের মালিক মাঈন উদ্দিন সোহেল। তাঁর বাড়ি ব্রাহ্মণপাড়া উপজেলার নগরপাড় গ্রামে। রেস্টুরেন্টের কর্মচারীরা তাঁর বাড়ির একটি কক্ষে থেকে কাজ করতেন।
রেস্টুরেন্ট মালিক মাঈন উদ্দিন সোহেল বলেন, প্রায় ২০ দিন আগে আমার বুড়িচংয়ের রেস্টুরেন্টের শেফের মাধ্যমে হৃদয় কাজে যোগ দেন। যোগ দেওয়ার কয়েক দিন পর মায়ের অসুস্থতার কথা বলে ৫-৬ দিন আগে বাড়িতে যান। পরে গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আবার কর্মস্থলে ফিরে আসেন।
তিনি আরও বলেন, রোববার সকালে অন্য কর্মচারীরা ঘুম থেকে উঠে রেস্টুরেন্টে চলে যান। হৃদয়কেও যেতে বলা হলে তিনি অসুস্থতার কথা বলে রেস্টুরেন্টে যাননি। দুপুরে জানতে পারি তিনি রেস্টুরেন্টে যাননি। এরপর তাঁর থাকার কক্ষের দরজায় কড়া নাড়লেও কোনো সাড়া পাওয়া যায়নি। দরজাটিও ভেতর থেকে বন্ধ ছিল। পরে বারান্দার একটি দরজার ফাঁক দিয়ে দেখতে পাই, হৃদয় সিলিংফ্যানের সঙ্গে গামছা বাঁধা অবস্থায় ঝুলে আছেন। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান, সদস্য ও পুলিশকে জানানো হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ। বারান্দার দরজার ফাঁক দিয়ে হৃদয়কে সিলিংফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। তাঁর পরিবারের সদস্যদেরও বিষয়টি জানানো হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি বলেন, খবর পেয়ে রেস্টুরেন্ট মালিকের বসতবাড়ির একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, রেস্টুরেন্টের কর্মচারীরা ওই কক্ষেই থাকতেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।