কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে চুরি ও নিয়মিত মামলার চার পলাতক আসামি এবং দুইটি মামলায় সাজা পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া মাদক সেবনের অপরাধে পাঁচজনকে মোট ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাত থেকে শুক্রবার (২৮ আগস্ট) ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আল-আমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে চুরি মামলার পলাতক আসামি মো. রাসেল (২৫)কে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার বড়ধুশিয়া উত্তরপাড়ার হারুন চেয়ারম্যানের বাড়ির মৃত তকদুলের ছেলে।
এরপর শুক্রবার ভোরে এসআই ডিএমএ মজিদের নেতৃত্বে পৃথক অভিযানে চুরি মামলার পলাতক আসামি মো. সোলেয়মান প্রকাশ সালমান (২২) ও মো. জালাল উদ্দিন প্রকাশ জালাল (৩৫)কে গ্রেপ্তার করা হয়। সালমান মহালক্ষ্মীপাড়া এলাকার মজিদ সুবেদারের বাড়ির মো. জাকির হোসেনের ছেলে। আর জালাল ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কদমী গ্রামের মৃত আবুল কালাম প্রকাশ কালুর ছেলে; তিনি বর্তমানে মহালক্ষ্মীপাড়ায় বসবাস করেন।
একই সময় এসআই মো. মাহতাব হোসাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে নিয়মিত মামলার পলাতক আসামি মো. আবুল হোসেন (৩৫)কে গ্রেপ্তার করা হয়। তিনি জিরুইন গ্রামের ডা. আয়েত আলীর বাড়ির মোহাম্মদ আলীর ছেলে।
এ ছাড়া এসআই ডিএমএ মজিদের নেতৃত্বে অপর এক অভিযানে দুইটি সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মো. আবদুল্লাহ আল মাহমুদ ভূইয়া (৫০)কে গ্রেপ্তার করা হয়। তিনি টাকই গ্রামের মুজিবুর রহমান ভূইয়ার ছেলে।
অন্যদিকে, বৃহস্পতিবার দিবাগত রাতে এএসআই মো. নাছির উদ্দিন ও এএসআই লিংকন কুমার নাথের নেতৃত্বে নাল্লা এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে পাঁচজনকে আটক করা হয়। পরে সামারি ট্রায়ালের মাধ্যমে প্রত্যেককে ৩০০ টাকা করে মোট ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা গ্রামের রসুলের বাড়ির মো. রুবেল মিয়া (৩৮), মো. জামাল হোসেন (২৪), মো. খোকন মিয়া (৪০), মো. ইসমাইল (৩০) ও মো. আইয়ুব (৪০)।
ব্রাহ্মণপাড়া থানার পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।