ব্রাহ্মণপাড়ায় দেশীয় অস্ত্রসহ ডাকাত ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ৪

লেখক: মোঃ ঈমাম হোসেন
প্রকাশ: ৫ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত এবং সাজা পরোয়ানাভুক্ত এক নারী আসামিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ১২টায় উপজেলার মালাপাড়া ইউনিয়ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে এসআই সৈকত মজুমদার, এসআই মোঃ ফারুকুল ইসলাম, এএসআই রতন কুমার মল্লিক ও সঙ্গীয় ফোর্স থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। ৮নং মালাপাড়া ইউনিয়নের অলুয়া (কৃষ্ণপুর) গ্রামের শফিক মিয়ার দোকানের সামনে বেরী বাঁধের রাস্তার উপর একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। ঘটনাস্থল থেকে ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ সাইফুল ইসলাম পলাশ (২৭) ও মোঃ সোহাগ (৩৪)। গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। যার মধ্যে রয়েছে- ০১টি কাটার , ০২টি লোহার রড, ০১টি হাসুয়া ও ০১টি প্লাস, ০২টি স্ক্রু ড্রাইভার, ০৩টি পুরাতন গামছা, ০১টি পুরাতন লুঙ্গি এবং ০১টি নম্বরবিহীন পুরাতন সিএনজি অটোরিকশা। একই অভিযানে সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি সেলিনা আক্তার এবং দুটি জিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ সালামকে গ্রেফতার করে পুলিশ।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং শুক্রবার সকালে তাদের যথাযথ পুলিশ চালানের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জনস্বার্থে ও এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • ব্রাহ্মণপাড়া