ব্রাহ্মণপাড়ায় ইয়াবা বিক্রির সময় যুবককে আটক করলেন ইউপি চেয়ারম্যান

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ২ minutes ago

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা বিক্রির সময় মো. জহিরুল ইসলাম রিয়াদ (২২) নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন দুলালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আনিছুর রহমান রিপন ভূইয়া। এ সময় তাঁর কাছ থেকে ৫০টি ভারতীয় ইয়াবা বড়ি জব্দ করা হয়।

রোববার (৯ আগস্ট) বিকেলে উপজেলার দুলালপুর বাজারের একটি গলি থেকে তাঁকে আটক করা হয়।
আটক জহিরুল ইসলাম রিয়াদ উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী দক্ষিণ তেতাভূমি (হরিমঙ্গল) রেলক্রসিংসংলগ্ন এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।
দুলালপুর ইউপি চেয়ারম্যান মো. আনিছুর রহমান রিপন ভূইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দুলালপুর বাজারের একটি গলিতে এক যুবক ইয়াবা বিক্রি করছেন। পরে গ্রাম পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে গিয়ে ওই যুবককে আটক করেন। এ সময় তাঁর কাছ থেকে ৫০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে বিষয়টি থানা-পুলিশকে জানানো হলে উপপরিদর্শক (এসআই) সুজন কুমার আচার্যের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এরপর ইয়াবাসহ আটক যুবককে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, ইয়াবাসহ আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়াও চলছে।

  • ব্রাহ্মণপাড়া