কুমিল্লায় খাল থেকে যুবকের বিবস্ত্র অর্ধগলিত লাশ উদ্ধার

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪১ minutes ago

Spread the love

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল পদুয়ারপাড় এলাকায় খালের পানিতে ভাসমান এক অজ্ঞাত যুবকের বিবস্ত্র অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) সকালে এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং মরদেহটি দেখতে হাজারো উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাঁটতে বের হয়ে পদুয়ারপাড় গ্রামের আব্দুল্লাহ নামের এক ব্যক্তি কবরস্থানের পাশের খালে কিছু একটি ভাসতে দেখতে পান। কাছে গিয়ে সেটি মানুষের মরদেহ বুঝতে পেরে তিনি স্থানীয়দের বিষয়টি অবহিত করেন। পরে এলাকাবাসী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী রুহুল আমীন ও জসিম উদ্দিন জানান, মরদেহটি সম্পূর্ণ বিবস্ত্র ও অর্ধগলিত অবস্থায় খালের পানিতে ভাসছিল। খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়।
নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, উদ্ধার হওয়া মরদেহটি একজন পুরুষের। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।
ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

  • কুমিল্লা