কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযানে কিশোরগ্যাং, মাদকসেবী ও নিয়মিত মামলার আসামিসহ ৩৭ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ৩১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। অপর ছয়জনকে মাদকসেবন ও নিয়মিত মামলার সংশ্লিষ্টতায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
গত ১৬ অক্টোবর শুক্রবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফুর রহমানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোরগ্যাংয়ের সদস্য, মাদকসেবী ও নিয়মিত মামলার আসামিদের আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের মধ্য থেকে ৩১ জনকে মুচলেকার মাধ্যমে তাঁদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ছয়জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।
এ বিষয়ে বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. লুৎফুর রহমান বলেন, “শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। কিশোরগ্যাংসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে।