মাদক ব্যবসায়ী ও দুর্নীতিবাজদের সতর্কবার্তা দিলেন নবনির্বাচিত এমপি জসিম উদ্দিন

লেখক: মো. আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ২ মাস আগে

Spread the love

কুমিল্লা-৫ আসনের এমপি জসিম উদ্দিন জসিম বলেছেন, তিনি নিজে দুর্নীতি করবেন না এবং কাউকেও দুর্নীতি করতে দেবেন না। মাদকের ক্ষেত্রেও থাকবে ‘জিরো টলারেন্স’; এক শতাংশও ছাড় দেওয়া হবে না। যে দলেরই হোক, মাদক ব্যবসা, প্রচার বা সেবনের সঙ্গে জড়িত কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
শনিবার (২৮ ফেব্রæয়ারি) দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপি মনোনীত নবনির্বাচিত এই সংসদ সদস্য। জসিম উদ্দিন জসিম বলেন, তাঁর আসনে তিনটি সীমান্তবর্তী ইউনিয়ন রয়েছে। এসব এলাকায় যাদের সন্দেহজনক আনাগোনা আছে, তারা যেন এখনই তা বন্ধ করেন। অন্যথায় তিনি নিজেই মাদকের বিরুদ্ধে মাঠে নেমে ব্যবস্থা নেবেন। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশ দিয়ে তিনি বলেন, সীমান্তসহ অন্যান্য এলাকায় মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো প্রকার ছাড় দেওয়া যাবে না। তিনি আরও বলেন, থানার যেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে, তারা যেন সতর্ক হন। অনেকের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ আছে। কারও অপকর্মের দায়ভার আমি নেব না, বলেন তিনি। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে নবনির্বাচিত এই এমপি বলেন, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের পরিচয় ব্যবহার করে কেউ যেন অনৈতিক কর্মকান্ডে জড়াতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কাজী শাহ আলম খোকন। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহসভাপতি মহসিন কবির সরকার, সাধারণ সম্পাদক মো. আমীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুন, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান রিপন ভূঁইয়া, শাহজাহান সাজু। এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক মোস্তফা জামান, কৃষক দলের সভাপতি মিজানুর রহমান সরকার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তাজুল ইসলাম, ছাত্রদলের আহবায়ক মো. দিদারুল ইসলাম ভূইয়াসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া