কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৬টি মাদক মামলার পলাতক আসামী মো. ফয়েজ আহম্মেদ (২৫) নামের এক যুবক গাঁজাসহ গেপ্তার করা হয়েছে। গত শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার চান্দলা ইউনিয়নের সবুজপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে চার কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তার হওয়া মো. ফয়েজ আহম্মেদ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের বালিয়াহুরা গ্রামের মৃত শহিদুল হকের ছেলে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এ অভিযান পরিচালানা করেন। এতে নেতৃত্বে দেন থানার উপপরিদর্শক (এসআই) অমর্ত্য মজুমদার। থানা পুলিশ জানান, কুমিল্লার ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আখাউড়া রেলওয়ে ও রাজধানীর ওয়ারী থানাসহ বিভিন্ন থানায় পূর্বে গ্রেপ্তার হওয়া মাদক কারবারি ফয়েজ আহম্মেদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, গ্রেপ্তার হওয়া মাদক কারবারি ফয়েজ আহম্মেদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে শনিবার (২৮ ডিসেম্বর) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।