৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট (ছাত্রী) ইভেন্টে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজের মেয়েরা। উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের পর এবার বিভাগীয় পর্যায়ে লড়াই করেছে এই উদীয়মান ক্রিকেটাররা। এই অদম্য বালিকাদের পাশে দাঁড়িয়েছেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা জাহান। সম্প্রতি তিনি খেলোয়াড়দের উৎসাহ দিতে প্রতিটি ক্রিকেটারের নামাঙ্কিত উন্নত মানের জার্সি ও ক্রিকেট বল উপহার দেন। প্রিয় ইউএনও থেকে এমন উপহার ও অনুপ্রেরণা পেয়ে উচ্ছ্বসিত পুরো দল।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে দলের অন্যতম কৃতী ক্রিকেটার ও দশম শ্রেণির শিক্ষার্থী মিম আক্তার বলেন, মাঠে খেলতে নামলে আমাদের আত্মবিশ্বাসই বড় শক্তি। আজ ইউএনও স্যার নিজে এসে আমাদের হাতে নামাঙ্কিত জার্সি তুলে দিয়েছেন, এটা আমাদের জন্য কল্পনাতীত ছিল। স্যারের এই ভালোবাসা আর উৎসাহ আমাদের উদ্দীপনা বাড়িয়ে দিয়েছে। আমরা শুধু কুমিল্লা বা জোন নয়, জাতীয় পর্যায়েও এই জার্সির মর্যাদা রাখতে চাই।
চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক ও দলের প্রশিক্ষক সাজ্জাদ হোসেন বলেন, উপজেলা ও জেলা হয়ে অঞ্চল পর্যায়ে যাওয়ার প্রতিটি ধাপে মেয়েদের অনেক পরিশ্রম করতে হয়েছে। তবে সবচেয়ে বড় পাওয়া হলো প্রশাসনের নিবিড় তদারকি। ইউএনও স্যার সব সময় ব্যক্তিগতভাবে মেয়েদের খোঁজখবর নিয়েছেন এবং অনুপ্রেরণা দিয়েছেন, যা খেলোয়াড়দের মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী করেছে।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান তাঁর বক্তব্যে আশাবাদ ব্যক্ত করে বলেন, আমাদের মেয়েরা অদম্য। শুধু উপজেলা, জেলা বা বিভাগ নয়—আমার প্রত্যাশা একদিন এই ব্রাহ্মণপাড়ার মেয়েরাও দেশ সেরা ক্রিকেটার হবে । এক্ষেত্রে চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজ ক্রিকেট দল অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। তাদের যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন সব সময় পাশে থাকবে।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি উপজেলা পর্যায়ে এবং ১৩ জানুয়ারি জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জোনাল পর্যায়ে অংশ নেয় দলটি। প্রতিষ্ঠানটি গত তিন বছর ধরে ক্রিকেট ও হ্যান্ডবল—উভয় ইভেন্টেই জেলা পর্যায়ে ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে আসছে।