চলতি জানুয়ারি মাসে হারিয়ে যাওয়া ১৫টি মোবাইল সেট উদ্ধার করেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এসব সেট উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম। থানা পুলিশ জানায়, হারানো মোবাইল ফিরে পাওয়ার নিমিত্তে থানায় জিডি কারার ভিত্তিতে মোবাইল উদ্ধারের কার্যক্রম পরিচালনা করা হয়। সহকারী উপ পরিদর্শক (এএসআই) মহিউদ্দিন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) হারুনের নেতৃত্বে এ প্রচেষ্টা চলে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে থানা পুলিশের প্রচেষ্টায় ভিন্ন মালিকানার ১৫টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। এতে হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি ফোন মালিকরা। ফোন ফিরে পাওয়া উপজেলার মহালক্ষীপাড়া এলাকার বাসিন্দা আক্তার হোসেন বলেন, ‘ফোন হারিয়ে গেলে আর পাওয়া যায় না,’ সমাজে প্রচলিত এই ধ্যান-ধারণাকে মিথ্যে প্রমাণ করে দিল থানা পুলিশ। ফোনটা আবার ফিরে পেয়ে আমি অত্যন্ত খুশি। থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, থানায় জিডি করার পর তথ্য প্রযুক্তির সহায়তায় থানা পুলিশ চলতি মাসে ১৫টি হারানো মোবাইল সেট উদ্ধার করেছে। উদ্ধারকৃত এসব ফোন সেট প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। হারানো ফোন সেট পেয়ে খুশি ফোন মালিকরা। থানা পুলিশ দায়িত্ব পালনে সদা তৎপর রয়েছে।